জুলাই ২৩, ২০২২, ০২:০৯ পিএম
এসএসসি দুর্নীতি কাণ্ডে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে টানা ২৭ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে শনিবার গ্রেপ্তার করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এর আগে,শুক্রবার ভোর রাতে হানা দেয় তৃণমূল কংগ্রেসের এই মহাসচিবের বাড়িতে। দফায় দফায় এই জিজ্ঞাসাবাদের পর অবশেষে শনিবার তাকে গ্রেপ্তার করা হলো। তাকে গ্রেপ্তার করার পাশাপাশি অভিজাত ফ্ল্যাট থেকে ২০ কোটির বেশি রুপি উদ্ধারের ঘটনায় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক করেছে ইডি।
ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত হওয়ার পর থেকেই দফায় দফায় সিবিআই তাকে জেরা করে। দফায় দফায় জেরা করার সময় থেকেই মনে করা হচ্ছিল তাকে গ্রেফতার করা হবে। যদিও সিবিআইয়ের মুখোমুখি হয়ে জেরার সময় তিনি রক্ষা পান। তবে সেই রক্ষা হলো না শেষ পর্যন্ত।

গতকাল শুক্রবার ভোরেই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। সেখানে হানা দেওয়ার পর চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে ইডি তল্লাশি চালায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। সেখান থেকে উদ্ধার হয় ২০ কোটি টাকা নগদ, বিদেশি সোনা ও মুদ্রা, ২০টি স্মার্টফোন সহ অন্যান্য নথি। এই বিপুল পরিমাণ টাকা ও অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয় এবং শেষমেষ শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়।
পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর তাকে সিজিও কমপ্লেক্সে আনার ব্যবস্থা করে ইডি। তবে এরই মধ্যে বারবার অসুস্থতা বোধ করায় পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার ব্যবস্থা করছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকে এম হাসপাতাল নিয়ে যাবে বলেই জানা গিয়েছে। তার শারীরিক পরীক্ষা করানোর পর আজই তাকে আদালতে তোলা হবে বলেও জানা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে।

অন্যদিকে এই ঘটনার পর তীব্র কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। তাদের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মডেল অভিনেত্রীর বাড়ি থেকে যে বিপুলসংখ্যক টাকা পাওয়া তা টাকা নয়, তা রাজ্যের বেকার যুবক-যুবতীদের চোখের জল, দুস্থ দরিদ্র মানুষের রক্ত জল করা টাকা।

কে এই অর্পিতা মুখোপাধ্যায়
ইডির দাবি, অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ঘটনাচক্রে পার্থের বাড়িতে শুক্রবার সকালেই হাজির হন ইডি কর্মকর্তারা। দিনভর চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ পর্ব। দক্ষিণ কলকাতার বাসিন্দা অর্পিতা শহরের একটি নামী দুর্গাপুজোর সঙ্গে যুক্ত তিনি।

ইডির দাবি, ঘটনাচক্রে, সেই পুজোর সঙ্গে পার্থেরও সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে। সেই পুজোর একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন অর্পিতা।
এত টাকা এল কোথা থেকে? ইডি তাদের প্রেস বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার সঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির সম্পর্ক থাকতে পারে বলে তারা মনে করছেন।

একটি সূত্ত্রের বরাত দিয়ে ভারতীয় আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, টালিগঞ্জের অভিজাত আবাসন এলাকায় বাস করেন অর্পিতা। তিনি আইনি পেশার সঙ্গে যুক্ত। তবে ঠিক কী করেন, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে ইডি।