ট্রাম্পের মন ভালো করতে মেয়ে টিফানির বিয়ে?

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৪, ২০২২, ০১:৪৪ পিএম

ট্রাম্পের মন ভালো করতে মেয়ে টিফানির বিয়ে?

সদ্যসমাপ্ত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পছন্দের প্রার্থীদের অনেকেই প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেননি। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন কিছুটা খারাপই বলা চলে। তবে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে দেবেন যে কোনো দিন। এরই মাঝে ছোট মেয়ে টিফানির বিয়েটা মনে হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়াইয়ে নামার আগে বাবার মন ভালো করার ডোজ।

tifaany trump

গত শনিবার (১২ নভেম্বর) চার বছর প্রেমের পর ব্যবসায়ী মাইকেল বুলোসের সঙ্গে বিয়ের বাঁধনে বাঁধা পড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে পাঁচ শতাধিক অতিথিকে নিয়ে হয়েছে ট্রাম্পকন্যার বিয়ের আয়োজন।

ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগে ২০২১ সালের জানুয়ারিতে ২৫ বছর বয়সী মাইকেলের সঙ্গে বাগদান সেরেছিলেন ২৯ বছর বয়সী টিফানি। ট্রাম্প ক্ষমতায় থাকাকালে তার পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন বুলোস। ফলে টিফানির সঙ্গে সাধারণ পরিচয় পরিণয়ে রূপ নিতে বেশি সময় লাগেনি। 

tiffany trump 1

জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টার থেকে ২০২০ সালে স্নাতক পাস করেছেন ট্রাম্পের ছোট কন্যা। ২০১৮ সালে ইউরোপে অবকাশ যাপন করতে যান টিফানি। তখন গ্রিসের মাইকোনোসে মিন গার্লস অ্যালামের বিচ ক্লাবে প্রথম দেখা হয় তৎকালীন লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে পড়ুয়া মাইকেলের সাথে। 

বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, মাইকেল বুলোস লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী। বড় হয়েছেন নাইজেরিয়ায়। বহু বিলিয়ন ডলারের কোম্পানির মালিক মাইকেলের পরিবার। তার পরিবারের হাতে গড়ে উঠেছে স্কোয়া নাইজেরিয়া ও বুলোস এন্টারপ্রাইজের মতো প্রতিষ্ঠানগুলো। 

সাবেক স্ত্রী অভিনেত্রী মার্লা ম্যাপলসের ঘরে ডোনাল্ড ট্রাম্পের একমাত্র সন্তান টিফানি। ১৯৯৩ সালে ট্রাম্প-মার্লার বিয়ে হয়। বিচ্ছেদ হয়ে যায় ১৯৯৯ সালে। 

ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে টিফানিকে ট্রাম্পের ‘ভুলে যাওয়া কন্যা’ হিসেবে সম্বোধন করা হতো কারণ সেসময় ভাইবোনদের মধ্যে বড় বোন ইভাঙ্কা ট্রাম্প সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন। প্রেসিডেন্ট বাবার পাশে ইভাঙ্কাকেই বেশি দেখা গেছে।

তবে সৎ ভাই-বোনদের সঙ্গে টিফানির বেশ ভালো সম্পর্ক রয়েছে। টিফানির বিয়ে নিয়ে পুরো ট্রাম্প পরিবারেই বিরাজ করেছে আনন্দ।

গত সপ্তাহে টিফানির ব্রাইডাল শাওয়ারে উপস্থিত ছিলেন ইভাঙ্কা ট্রাম্প, মা মার্লা ও সৎ মা মেলানিয়া ট্রাম্পও। 

বিয়ে নিয়ে ব্যস্ততায় ট্রাম্পের মন ভালো হয়ে গেলেই দ্রুত হয়তো ঘোষণা করে দিবেন আবারও হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে নামার ইচ্ছা।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

Link copied!