শৈত্যপ্রবাহের কবলে কাঁপছে সমগ্র উত্তর ভারত। নয়াদিল্লি এবং উত্তর-পশ্চিম ও মধ্য অঞ্চলে ঘন কুয়াশার সঙ্গে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। সোমবার রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রিজ এলাকার তাপমাত্রা নেমেছ ৩ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি কম। রাজধানীর এই এলাকাই এদিন ছিল শীতলতম। ২৭ ডিসেম্বর থেকে পঞ্জাব, হরিয়ানা ও উত্তর রাজস্থানে ভারী থেকে অতিভারী কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর মৌসুম ভবন। গত সপ্তাহে শুরু হওয়া পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান, দিল্লি ও অন্যান্য অঞ্চলে কাবু হয়ে পড়েছে জনজীবন।

তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩-৭ ডিগ্রির মধ্যে
প্রবল ঠাণ্ডার কারণে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পাটনায় স্কুলগুলিতে অষ্টম শ্রেণি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তর রাজস্থানের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩-৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অতিঘন কুয়াশার সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর-পশ্চিম রাজস্থান, উত্তরাখণ্ড, পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশ এবং ওড়িশায় আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে পঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থানের কোনও কোনও জায়গায় ঘন থেকে অতিঘন কুয়াশা থাকতে পারে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমবে।

শৈত্যপ্রবাহ থেকে অতিপ্রবল শৈত্যপ্রবাহ
আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহ থেকে অতিপ্রবল শৈত্যপ্রবাহ চলতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের কোনও কোনও জায়গায়।
দিল্লিতে কমলা সতর্কতা
ঘন কুয়াশার পাশাপাশি ঠাণ্ডা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হ্রাস হতে পারে দিল্লিতে। যে কারণে আবহাওয়া দফতরের তরপে দিল্লিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরে শীতলতম রাত
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, রবিবার শ্রীনগরের তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাসের ৫.৮ ডিগ্রি নিচে। যার জেরে এই মরসুমের শীতলতম রাত দেছে বর্তমানে এই কেন্দ্রশাসিত অঞ্চল। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীর ও লাদাখে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া শীতল ও শুকনো থাকার পাশাপাশি আকাশ পরিষ্কার থাকবে।

মৌসম ভবন জানিয়েছে, উত্তর ভারতে এই মুহূর্তে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই। বরং আগামী কয়েক দিনে পারদ আরও নামতে পারে। দিল্লি, চণ্ডীগড়, পঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী ২৪ ঘণ্টায় প্রবল শৈত্যপ্রবাহ হতে পারে।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, উত্তর ভারতে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও পশ্চিমবঙ্গে শীতের দেখা নেই বললেই চলে। গত কয়েক দিন ধরে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বড়দিনে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই উধাও হয়েছে শীত। সোমবারও কলকাতার তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। তবে সপ্তাহের শেষে রাজ্যে শীত ফিরতে পারে বলে আশাবাদী আবহবিদরা।