তুরস্কের নাম পরিবর্তন করে রাখা হলো তুর্কিয়ে। এখন থেকে দেশটিকে তুর্কিয়ে বলে চিনবে সবাই। নাম পরিবর্তনের জন্য জাতিসংঘের কাছে অনুরোধ জানায় আঙ্কারা। সেটিতে সম্মতি জানায় জাতিসংঘ।
গত বছর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছিলেন, “তুর্কিয়ে নামটিই সবচেয়ে ভালোভাবে তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধের পরিচয় বহন করে।”
জাতিসংঘ জানিয়েছে, তারা এ সপ্তাহে তুরস্কের কাছ থেকে নাম বদলের আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ামাত্রই পরিবর্তনের কাজটি সেরে ফেলেছে।
অবশ্য এর আগেই তুরস্কের বেশিরভাগ মানুষ দেশের নাম তুর্কিয়ে বলেই জানে। এছাড়া ইংরেজিত তুর্কি নামটি দেশে–বিদেশে কয়েক বছর ধরে ব্যবহার হচ্ছে। গতবছর নাম বদলের প্রস্তাব ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি নাম পরিবর্তন করে ফেলে।
তবে কোনো দেশের নাম পরিবর্তন করা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। ২০২০ সালে নেদারল্যান্ডস হল্যান্ডকে বাদ দিয়েছে। তার আগে, গ্রিসের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে ম্যাসেডোনিয়া তার নাম পরিবর্তন করে উত্তর মেসিডোনিয়া রাখে এবং সোয়াজিল্যান্ড ২০১৮ সালে এস্বাতিনি হয়ে যায়।