তুরস্কের সড়কে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৬, আহত অর্ধশতাধিক

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৪, ২০২২, ০৯:৪২ এএম

তুরস্কের সড়কে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৬, আহত অর্ধশতাধিক

তুরস্কের ইস্তাম্বুলে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। সর্বশেষ খবর অনুযায়ী, এই বিস্ফোরণে ৬ জন নিহত এবং অন্তত ৫৩ জন আহত হয়েছেন।

রবিবার স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউ এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়েরলিকায়া।

আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের নিরাপত্তা বিশ্লেষক মুরাত আসলান বলেন, ইস্তিকলাল এভিন্যু খুবই জনবহুল একটি এলাকা এবং এই এলাকার নিরাপত্তা ব্যবস্থাও বেশ কড়া। এভিন্যুজুড়ে প্রচুর সংখ্যক নজরদারি ক্যামেরা রয়েছে। যদি এটি কোনো সন্ত্রাসী হামলা হয়, সেক্ষেত্রে পুলিশ দ্রুত অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইস্তাম্বুলের ব্যস্ত ইস্তিকলাল সড়কে একটি ‘জঘন্য হামলায়’ বিস্ফোরণের পর কমপক্ষে ৬ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন।

এর আগে ২০১৫ ও ২০১৭ সালে তুরস্কে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ২০১৫ সালের বিস্ফোরণের জন্য দায়ী ছিল আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং ২০১৭ সালের বিস্ফোরণ ঘটিয়েছিল তুরস্কের নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।

Link copied!