দেশত্যাগে হুড়োহুড়ি,কাবুল বিমানবন্দরে গুলিতে নিহত ৫

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৬, ২০২১, ০৫:৫৬ পিএম

দেশত্যাগে হুড়োহুড়ি,কাবুল বিমানবন্দরে গুলিতে নিহত ৫

আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) বিমানবন্দরটির প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, আফগান রাজধানী ছেড়ে যাওয়া বিমানগুলোতে শত শত মানুষ জোর করে প্রবেশের সময় বিমানবন্দর নিরাপত্তার দায়িত্বে তারা মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। তবে  মার্কিন বাহিনীর গুলিতে তারা নিহত হয়েছেন কিনা বিষয়টি নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানান, ‘জনগণকে কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তাদের ছত্রভঙ্গ করতেই ফাঁকা গুলি করা হয়’। এর আগে মার্কিন সেনারা বিমানবন্দরের আশেপাশের রাস্তাগুলোতে ব্যারিকেড তৈরি পলায়নপর মানুষের স্রোত রুখতে ও নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কাবুল বিমান বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমধ্যমটি বলছে, তিনজনের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা উল্লেখ করা হয়নি ওই সংবাদে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। তালেবান দেশটির ৩৪টির মধ্যে অধিকাংশ প্রদেশের রাজধানীর দখলে নিয়েছে। সর্বশেষ কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট প্যালেসও দখলে নেয় গোষ্ঠীটি। এখন তারা দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে।

Link copied!