নভেম্বর ১১, ২০২২, ০১:৫০ পিএম
জি-২০ সম্মেলনের সময়েই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ১৪ নভেম্বর দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ বৈঠকে মূল এজেন্ডা হিসেবে ‘তাইওয়ান ইস্যু’ থাকবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, এশিয়ায় চীনের আধিপত্য বিস্তার এবং বেইজিংয়ের তাইওয়ানকে নিজেদের দাবি করার কারণে বিষয়টি আলোচনার কেন্দ্রে রয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরিন জাঁ-পিয়ের বলেছেন, “চীন ও আমেরিকার মধ্যে যোগাযোগ গড়ে তোলা ও দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনায় বসবেন দুই রাষ্ট্রনেতা। দুই দেশের মধ্যে সংঘাত থাকলেও কীভাবে তাকে সুস্থ প্রতিযোগিতার মতো করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আলোচনা হবে। তাছাড়া এই দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে যে ব্যাপক প্রভাব পড়ে, দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে উঠে আসবে সেই প্রসঙ্গও। ”
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি শি জিনপিংয়ের সঙ্গে তাইওয়ান ইস্যু নিয়ে কথা বলবেন। বাইডেন আরও বলেন, প্রত্যেকের ‘রেড লাইন’ কত দূর, তা শি জিনপিংকে জানিয়ে দেবেন তিনি।
প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের সঙ্গে সংঘর্ষে যেন না জড়ায়, সেকারণে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলবেন। তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতির নড়চড় হবে না বলেও জানান মার্কিন প্রসিডেন্ট।
এ দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি দেশটির পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ সপ্তাহের শুরুতে চীনা গণমাধ্যমগুলোতে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। সি বলেছেন, চীনা সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতির জন্য সামরিক প্রশিক্ষণ জোরদার করতে হবে। কারণ চীন বর্তমানে একটি অস্থিতিশীল ও অনিশ্চিত পরিস্থিতির সম্মুখীন হয়েছে।