নভেম্বর ১৮, ২০২২, ০৪:১৮ পিএম
দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি মিনিবাস খাদে পড়ে ১১ শিশুসহ ২০ জন নিহতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানায়।
সিন্ধুপ্রদেশের স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হোসেন এএফপিকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সিন্ধুপ্রদেশে হাইওয়ের পাশে একটি পানিতে ভরা খাদে পড়ে যায় বাসটি। চলতি বছরের ভয়াবহ বন্যায় ওই এলাকাটি পানিতে ভেসে ছিল।
তিনি বলেন, চালক রাস্তায় ডাইভারশন সাইন দেখতে পাননি এবং এ কারণে বাসটি রাস্তা থেকে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।
খাদিম হোসেন আরও জানান, নিহত শিশুদের বয়স দুই থেকে আট বছরের মধ্যে। তারা নিহত হওয়ার আগে মা-বাবার কোলে বসে ছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে সড়ক ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক। ভাঙাচোরা রাস্তা, অব্যবস্থাপনা ও অদক্ষ চালকের কারণে প্রায়ই দেশটিতে সড়ক দুর্ঘটনা ঘটে। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন রাস্তায় অন্তত ২৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।