পুড়ছে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২১, ০৭:৩৯ পিএম

পুড়ছে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য দাবানলে পুড়ছে। টানা তিন সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুনে ৩ লাখ ২২ হাজার বর্গ একর জমি পুড়ে গেছে। আগুনে পুড়ে প্রায় ধ্বংস হয়ে গেছে অঙ্গরাজ্যটির গ্রিনভিল শহর। নিরাপদে সরে যেতে বলা হয়েছে শহরটির ৮০০ বাসিন্দাকে।

স্থানীয় সময় গত বুধবার(৪ আগস্ট) রাতে শহরটিতে আগুন ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৬ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, দাবানলের ঘটনায় গ্রিনভিল শহরে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শহরটি থেকে নিরাপদে যাওয়ার নির্দেশনা এখনো অনেকেই পায়নি বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার দাবানলের মাত্র ৩৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন অগ্নিনির্বাপণ দলের কর্মীরা। তবে তাদের চেষ্টা ব্যর্থ করে গত বুধবার রাতে গ্রিনভিল শহরে ছড়িয়ে পড়ে আগুন।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডাসহ ইউরোপের কয়েকটি দেশে দাবানল হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাড়তি তাপমাত্রাই দাবানলের ভয়াবহতার জন্য মূলত দায়ী বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। শিল্পবিপ্লবের সময় থেকে এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

Link copied!