নভেম্বর ১৭, ২০২২, ১১:০৯ এএম
পোল্যান্ডে আঘাত করা মিসাইলটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে পোল্যান্ড ও ন্যাটো। গতকাল বুধবার এ তথ্য জানানো হয়।
প্রথমে ধারণা করা হয়েছিল এবং ইউক্রেনের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলা হয়েছিল, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এ ক্ষেপণাস্ত্রের আঘাতে দুইজন পোলিশ নাগরিক নিহত হন।
তবে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সংবাদমাধ্যম বিবিসিকে বুধবার জানিয়েছেন, সম্ভবত ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে পড়েছে। তিনি বলেন, ‘খুব সম্ভবত এটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র।’
এ হামলার পর জরুরি বৈঠক ডাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি-৭। গতকাল বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতাদের একটি জরুরি বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলেন, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি।