বিশ্বজুড়ে খাদ্যসংকটের সময়ে রাশিয়ার সর্বোচ্চ খাদ্যশস্য উৎপাদন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৩, ২০২২, ০১:২৬ পিএম

বিশ্বজুড়ে খাদ্যসংকটের সময়ে রাশিয়ার সর্বোচ্চ খাদ্যশস্য উৎপাদন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বে খাদ্যসংকট যখন চরমে, তখন খাদ্যশস্য উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি রাশিয়ার। চলতি বছরের দুই মাস বাকি থাকতেই সর্বোচ্চ ফসল উৎপাদন করেছে দেশটি। অক্টোবর পর্যন্ত মোট প্রায় ১৪৭ দশমিক ৫ মিলিয়ন টন ফসল তোলা হয়েছে, এখনো ফসল তোলা বাকি।

কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ এ রেকর্ডের কথা নিশ্চিত করে বলেন, আমরা আশা করছি চলতি বছর ১৫০ মিলিয়ন টন খাদ্যশস্য ঘরে তুলব। অবশ্য, এটি সম্পূর্ণভাবে আমাদের কৃষক ও কৃষি শিল্পগুলোর কৃতিত্ব।

এর আগে ২০১৭ সালে খাদ্য উৎপাদনের রেকর্ড করেছিল রাশিয়া। ওই বছর ১৩৫.৫ মিলিয়ন টন ফসল উৎপাদন করে দেশটি। এর মধ্যে ৮৬ মিলিয়ন টন ছিল গম। এ বছর গম উৎপাদন ১০০ মিলিয়ন টন ছাড়িয়ে গেছে।

পাত্রুশেভ জানান, নতুন যুক্ত হওয়া দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া থেকে প্রচুর ফসল উৎপাদন হয়েছে। এসব অঞ্চল থেকে অতিরিক্ত ৫ মিলিয়ন টন ফসল আসতে পারে।  

বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া। এর পরেই আছে কানাডা ও যুক্তরাষ্ট্র। নানা নিষেধাজ্ঞার পরও ২০২২ সালের জুন মাস থেকে ৮.৩ মিলিয়ন টন গম আন্তর্জাতিক বাজারে ছেড়েছে মস্কো। আগামী বছর ৫০ মিলিয়ন টন গম রপ্তানি করার আশা করছে দেশটি।

সূত্র: রাশিয়া টুডে

Link copied!