ইউক্রেনের মারিউপুলের আজাভস্টালের ঘাটি থেকে বেসামরিক নাগরিকদের উদ্ধারে জাতিসংঘের একটি দল রওয়ানা হয়েছে। আজাভস্টালের ওই ঘাটিতে ৫শ মতো আহত রুশ সৈন্যর পাশাপাশি কয়েকশ বেসামরিক নাগরিক থাকতে পারেন। ইসরাইলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আজাভস্টাল থেকে নাগরিকদের নিরাপদে সরিয়ে দিতে রুশ বাহিনীও প্রস্তুত রয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, শুক্রবার সকালের মধ্যেই জাতিসংঘের উদ্ধারকারী দলটি ওই ঘাটিতে পৌছে যাবে।
ওদিকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে দাতাদের একটি কনফারেন্সে, ইউক্রেনকে সহায়তা করার জন্য ৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউসুজ মোরাউইচকি এ তথ্য জানিয়েছেন।
মারিউপুলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা শেষ এই ঘাটিটির দখলে সেখানে জোরালো হামলা শুরু করেছে রুশ বাহিনী। স্টিলের ওই কারখানার নিরাপত্তা বেষ্টনি এরইমধ্যে ভেঙ্গে ভেতরে ঢুকে পড়েছে রুশ সৈন্যরা। ধারণা করা হচ্ছে খুব শিগগিরিই ঘাটিটি রুশদের দখলে চলে যাবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ছবিতে ওই ঘাটিতে হামলার চিত্র তুলে ধরা হয়েছে।
রুশ ক্ষেপনাস্ত্র হামলার ভয়ে ইউক্রেনের আইভানো ফ্রানকিভস শহরের মেয়র, চলতি সপ্তাহকালীন এলাকাবাসীকে এক সাথে জড়ো হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ৯ মের আগে রুশ সৈন্যরা ইউক্রেনে বড় ধরণের হামলার পরিকল্পনা করছে। সাধারণত ৯ মে’কে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় নাৎসি জার্মানির সাথে রাশিয়ার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের দিন হিসেবে উদযাপন করে মস্কো।