মৃত্যুর ১২ দিন পর স্থানীয় নির্বাচনে জিতলেন নারী প্রার্থী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৭, ২০২৩, ০৫:৫৭ পিএম

মৃত্যুর ১২ দিন পর স্থানীয় নির্বাচনে জিতলেন নারী প্রার্থী

স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন এক মৃত নারী প্রার্থী। মৃত্যুর ১২ দিনের মাথায় অনুষ্ঠিত ওই নির্বাচনে সমর্থকরা ওই নারী প্রার্থীর প্রতি ভালবাসার নিদর্শন হিসেবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন।

ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলার একিটি পৌরসভার নাগরিক সংস্থার নির্বাচনে এমন ঘটনা ঘটেছে। মঙ্গলবার উত্তরপ্রদেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে  এএফপি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে ভারতের সর্বোচ্চ জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের পৌরসভার একটি নাগরিক সংস্থার নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিলেন আশিয়া বি নামের ওই নারী। রাজ্যের বিজনোর জেলার এই নির্বাচনে প্রায় ৪৪ শতাংশ ভোট পাওয়ায় আশিয়া বিকে মরণোত্তর বিজয়ী ঘোষণা করা হয়।

৩০ বছর বয়সি জনপ্রিয় এই নারী প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে  নির্বাচনি প্রচারের সময় ফুসফুস ও পেটে তীব্র সংক্রমণের কারণে অসুস্থ হয়ে পড়লে  নির্বাচনের মাত্র ১২ দিন আগে মারা যান আশিয়া বি।

আশিয়া বির মারা যাওয়ার তথ্য নির্বাচনি কর্মকর্তাদের আশিয়া বির স্বামী জানালেও  ব্যালট থেকে তার নাম মুছে ফেলার কোনো উপায় ছিল না বলে মঙ্গলবার জানান বিজনোর জেলার নির্বাচনি কর্মকর্তা ভগবান শরণ।  

তিনি এএফপি’কে বলেন, “নির্বাচনি প্রক্রিয়া শুরু হলে, তা আর স্থগিত বা বন্ধ করা যায় না,’ বলেন শরণ। নির্বাচনের আগে মারা যাওয়ায় ভোটাররা আশিয়া বিকে ভোটদানের মাধ্যমে শ্রদ্ধা জানানোর অঙ্গীকার করেন। অনেক ভোটার যে কোনো মূল্যে তাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন।”

Link copied!