যুক্তরাষ্ট্রের পথে ইউক্রেনের প্রেসিডেন্ট

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২২, ১১:০০ এএম

যুক্তরাষ্ট্রের পথে ইউক্রেনের প্রেসিডেন্ট

নিরাপত্তাঝুঁকি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (২০ ডিসেম্বর) জেলেনস্কি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও দেখা করতে পারেন।

রাশিয়া হামলা করার পর ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রই। যদি জেলেনস্কি সত্যিই যুক্তরাষ্ট্র সফরে যান তা হলে এটি নতুন করে নির্দেশ করবে, মার্কিনিদের কতটা প্রয়োজন ইউক্রেনের।

জানা গেছে, কিয়েভের জন্য সামরিক সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এমন সময়েই নিরাপত্তাঝুঁকি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি। 

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সব সদস্যের কাছে চিঠি পাঠিয়ে সবাইকে বুধবার (১৯ ডিসেম্বর) পরিষদে উপস্থিত থাকার আহ্বান জানান। কোনো কিছু পরিষ্কার না করে তিনি ওই চিঠিতে লিখেছেন— ‘দয়া করে গণতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আপনারা উপস্থিত থাকবেন।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানো শুরু করে রাশিয়া। এর পর দীর্ঘ ১০ মাস কেটে গেলেও এই সময়ের মধ্যে ইউক্রেন থেকে বের হয়ে অন্য কোনো দেশে যাননি জেলেনস্কি। যদি বুধবার তিনি যুক্তরাষ্ট্রে যান তা হলে রাশিয়া হামলা করার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর।

রাশিয়া হামলা করার পর জেলেনস্কি ইউক্রেন ছেড়ে কোথাও না গেলেও তার সাথে দেখা করতে ছুটে গেছেন ইউরোপের দেশগুলোর বেশিরভাগ নেতা। এ ছাড়া টেলিফোন ও ভিডিও কলে বিশ্বনেতাদের সাথে কথা বলেছেন তিনি।

Link copied!