যুক্তরাষ্ট্রে আর্কটিক ঝড়: ১২ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২২, ১০:৩৫ এএম

যুক্তরাষ্ট্রে আর্কটিক ঝড়: ১২ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আর্কটিক ঝড়ের কবলে পড়ে প্রবল ঠান্ডায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ভুগছেন দেশটির অন্তত ২০ কোটি মানুষ। বিদ্যুৎহীন অবস্থায় আছেন ১৫ লাখেরও বেশি।

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের অভাবে কাপড় পুড়িয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন স্থানীয় আদিবাসীরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে তীব্র ঠান্ডায় দুর্ভোগে আছে কানাডার অন্টারিও এবং কুইবেক প্রদেশের কয়েক লাখ পরিবার।

শীতকালীন আবহাওয়া সতর্কবার্তা জারি করে এক বিবৃতিতে মার্কিন আবহাওয়া বিভাগ বলেছে, ‘বাতাসের তাপমাত্রা উল্লিখিত মাত্রায় কমে গেলে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করা হলে পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে যেকোনো ব্যক্তি ঠান্ডায় জমে যেতে পারে। হাইপোথার্মিয়া ও দীর্ঘায়িত ঠান্ডার প্রভাবে মৃত্যুও হতে পারে।’ 

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আর্কটিক ঝড়ের প্রভাবে দেশটিতে গড় তাপমাত্র নেমে যেতে পারে মাইনাস ৪০ থেকে ৫৬ ডিগ্রি সেলিয়াসের ঘরে। এই ঝড় ভয়াবহ ঠান্ডা বয়ে আনবে যা জীবনযাত্রাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এই ঝড়ের ব্যাপ্তি প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার। অধিকাংশ এলাকায়ই তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে চলে গেছে। 

বৈশ্বিক ফ্লাইটের হিসাব রাখা অনলাইন প্ল্যাটফর্ম ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, প্রবল ঠান্ডা এবং তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ এবং বিদেশি ফ্লাইট মিলিয়ে স্রেফ একদিনে (শুক্রবার) ৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। 

Link copied!