ডিসেম্বর ১০, ২০২২, ০২:৩৪ পিএম
মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীন, রাশিয়া, ইরান ও মিয়ানমারসহ ১১ দেশের ৭০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
১০ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং বিশ্ব মানবাধিকার দিবস সামনে রেখে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রতিবছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকার আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। তবে দুই দেশের নিষেধাজ্ঞা তালিকায় বাংদেশের কেউ বা কোনো প্রতিষ্ঠান নেই।
স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের অর্থবিষয়ক দফতর এক বিজ্ঞপ্তিতে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ৯ দেশের ৪০ জনের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়।
ইরান, মিয়ানমার, রাশিয়া, চীন, গুয়াতেমালা, লাইবেরিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া ও পশ্চিম বলকান অঞ্চলের ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোই মূলত ওই দুই দেশের নিষেধাজ্ঞার তালিকায় পড়েছে।
এর আগে যুক্তরাজ্য সরকার ৩০ জন বিদেশির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি গতকাল শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন।
এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা জঘন্যভাবে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, আমাদের এ নিষেধাজ্ঞা তাদের মুখোশ উন্মোচন করবে।’
নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিষেধাজ্ঞার তালিকায় এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যারা বন্দি নির্যাতন ও বেসামরিক নাগরিকদের ধর্ষণের জন্য সেনা মোতায়েনের মতো কর্মকাণ্ডে জড়িত।’
বিশ্বের মোট ১১টি দেশের নাগরিককে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনে ইরান ও রাশিয়ার সঙ্গে তালিকায় রয়েছে নিকারাগুয়া, পাকিস্তান ও উগান্ডার নাগরিকও। যৌন সহিংসতায় জড়িত থাকায় দক্ষিণ সুদানের স্থানীয় কর্মকর্তাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।