অক্টোবর ১৯, ২০২২, ১১:৪৯ পিএম
ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস মিনি বাজেট ও কর ছাড়ের ঘোষণা দিয়ে তুঘলকি কাণ্ড ঘটিয়ে দিয়েছেন।দায়িত্ব নেওয়ার মাত্র ছয় সপ্তাহের মাঝে নিজ মন্ত্রিসভার প্রথম অর্থমন্ত্রী কোওয়ার্সি কোয়ারতেংকে সরিয়ে দেন। এবার সরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যানকেও।
একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। তবে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, সুয়েলা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, সুয়েলা মন্ত্রিপরিষদের দুটি নীতি ভঙ্গ করেছেন। একটি হচ্ছে-সরকারি কাজে তিনি তার ব্যাক্তিগত ইমেইল ব্যবহার করেন। অন্যটি, সুয়েলা একজন ব্যক্তিকে সরকারি নথি প্রদান করেছেন যার কাছে এ নথি দেওয়ার কথা নয়। মূলত এ দুটি কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
সুয়েলা তার পদত্যাগপত্র জমা দেওয়ার আগে লিজ ট্রাসের সঙ্গে সরাসরি দেখা করেছেন বলেও বিবিসি’র প্রতিবেদনে বলা হয়। সুয়েলা ব্রাভারম্যানের স্থানে স্থলাভিষিক্ত হবেন সাবেক পরিবহণমন্ত্রী গ্র্যান্ট সেপস। তিনি কনজারভটিভ পার্টির নেতা নির্বাচনের সময় ঋসি সুনাককে সমর্থন দিয়েছিলেন।
এদিকে, দ্য গার্ডিয়ানকে সূত্রটি জানিয়েছে লিজ ট্রাস তার প্রধানমন্ত্রিত্ব টেকাতেই এতসব কিছু করছেন। লিজ বর্তমানে গুরুত্বপূর্ণ পদগুলোতে অভিজ্ঞদের নিয়ে আসার চেষ্টা করছেন। তবে সুয়েলাকে দূরে সরিয়ে দেওয়ার বিষয়টিও এক্ষেত্রে ট্রাসের জন্য বড় ধরনের একটি ধাক্কা হবে।
অন্যদিকে, সুয়েলা ব্রাভারম্যানকে ‘বরখাস্ত’ করা হয়েছে এমন বিষয়টি অস্বীকার করেছে প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট। কিন্তু তাকে কিভাবে মন্ত্রীসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটি নিশ্চিত নয়।
আরেকটি সূত্রের বরাতে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়,নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্টের নির্দেশে সুয়েলাকে সরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে বর্তমানে জেরেমি হান্ট সবকিছু নিয়ন্ত্রণ করছেন।
সুয়েলা ব্রাভারম্যান লিজ ট্রাসের পক্ষে ছিলেন। যখন প্রধানমন্ত্রী তার মিনি বাজেট পরিত্যাগ করতে বাধ্য হন তখন তার পক্ষে সাফাই গেয়েছিলেন সুয়েলা। এমনকি গত মাসে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী লিজ ট্রাস ‘অভ্যুত্থানের’ শিকার হচ্ছেন।