রাশিয়ার নতুন চাল, মোকাবিলায় একজোট ইইউ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২২, ০৮:৩২ এএম

রাশিয়ার নতুন চাল, মোকাবিলায় একজোট ইইউ

পূর্ব ইউক্রেনের কিছু অংশ অন্তর্ভূক্ত করে রাশিয়া যে চালেঞ্জ ছুড়ে দিয়েছে তার বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। পুতিনের চ্যালেঞ্জ মোকাবিলায় ইইউ শীর্ষ নেতারা কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিক পদক্ষেপ নিতে মিলিত হচ্ছেন।

সাম্প্রতিক সময়ের একাধিক ঘটনা ইউরোপ তথা পশ্চিমা বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের অধিকৃত অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে রুশ পার্লামেন্টে আইন পাশ করিয়েছেন তিনি। নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের ওপর রহস্যজনক হামলাও ইউরোপের জরুরি অবকাঠামোর নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলেছে৷ এতে করে ইউক্রেন দ্রুত সামরিক জোট ন্যাটোয় যোগদানের আবেদন করেছে৷  

এমন পরিবর্তিত পরিস্থিতিতে পদক্ষেপ নিতে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে৷ বৈঠকে ইউক্রেনের জন্য অর্থনৈতিক, সামরিক ও আর্থিক সহায়তা চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

রাশিয়ার ওপর চাপ বাড়াতে ইউরোপের দেশগুলো এরই মধ্যে তৎপরতা শুরু করেছে। বেআইনিভাবে ইউক্রেনের ভূখণ্ড ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে একাধিক ইইউ দেশ রুশ রাষ্ট্রদূতদের তলব করা শুরু করেছে৷ জার্মানি, ইতালি, অস্ট্রিয়া ও ডেনমার্কের এমন কূটনৈতিক পদক্ষেপের পর অন্যান্য কিছু দেশও চলতি সপ্তাহে এভাবে প্রতিবাদ জানাতে প্রস্তুতি নিচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ইউক্রেনকে সহায়তা ও সমর্থন চালিয়ে যাবার আশ্বাস দেন৷ জার্মানি, ডেনমার্ক ও নরওয়ে ইউক্রেনের জন্য আরও ১৬টি সাঁজোয়া হাউইৎসার আর্টিলারি সিস্টেম সরবরাহের যৌথ সিদ্ধান্ত নিয়েছে৷ পাশাপাশি ইউক্রেনকে স্লোভাকিয়ায় তৈরি ‘জুজুনা-২’ বন্দুক সরবরাহ করতে এই তিন দেশ ৯ কোটি ২০ লাখ ইউরো মূল্য বহন করবে৷

ইউক্রেনের ভূখণ্ডের একাংশ সরাসরি রাশিয়ার অন্তর্গত করার ঘোষণার পর জেলেনস্কি সরকার ইউরোপ তথা পশ্চিমা জগতের কাছ থেকে আরও অস্ত্র ও ভারী সামরিক সরঞ্জাম চাইছে৷ তবে ব্যাটেল ট্যাংকের মতো আক্রমণাত্মক সামরিক সরঞ্জাম দিতে দ্বিধা করছে যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দেশ৷ ইউক্রেন চাইলেও লেপার্ড ব্যাটেল ট্যাংক পাঠাতে অস্বীকার করেছে জার্মানি।

তবে সহায়তা বাড়ালেও  রুম বাহিনীর বিরুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে না ন্যাটো। বিষয়টি আবারও পরিষ্কার হয়ে গেল জার্মান সরকারের ভাষ্যে।  জার্মান প্রতিরক্ষামন্ত্রী লামব্রেশট স্পষ্টভাবে বলেছেন, ইউক্রেনের জন্য সহায়তা চালিয়ে যাওয়া হলেও জার্মানি তথা ন্যাটো যাতে সরাসরি এই সংঘাতের অংশ না হয়ে পড়ে, সে বিষয়ে সচেতন থাকতে হবে৷

Link copied!