এপ্রিল ১৬, ২০২২, ০৩:৪৮ পিএম
ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং পার্শ্ববর্তী লাভিভ শহরে নতুন করে রুশ বাহিনীর হামলা হয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। ইউক্রেনকে অস্ত্র সহায়তা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে আবারো হুশিয়ারী দিয়েছে মস্কো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশংকা করে বলেছেন, রাশিয়া হয়ত ইউক্রেনে পারমানবিক হামলা চালাতে পারে। এ জন্য পশ্চিমা মিত্রদের ইউক্রেনের পাশে থাকার আহবান জানিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জেলেনস্কির এ আশংকা উড়িয়ে দিয়ে বলেছে, শুধুমাত্র অস্তিত্বের সংকট দেখা দিলেই পারমানবিক হামলা করবে রাশিয়া।
জাতিসংঘ জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর এখন পর্যন্ত ১৯শ ৮২ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ১৬২ জনই শিশু। জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন হাইকমিশনার মিশেল বেচলেট জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই রুশ গোলায় এবং বিমান হামলায় নিহত হয়েছেন।