পশ্চিমা ক্রেতারা তেল কেনা বন্ধ করলেও রাশিয়া থেকে এখন বেশি করে তেল কিনছে চীন। রীতিমতো দর-কষাকষি করে চুপিসারে দেশটি থেকে চীন তেল কেনা বাড়িয়ে দিয়েছে বলে জাহাজের তথ্য ও তেল ব্যবসায়ীদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তেল ও গ্যাসের তথ্য বিশ্লেষণ করে এমন একটি প্রতিষ্ঠান ভোরটেক্সার দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মে মাসে রাশিয়া থেকে চীনের তেল আমদানির রেকর্ড হয়েছে। এ মাসে প্রতিদিন রাশিয়া থেকে প্রায় ১১ লাখ ব্যারেল তেল আমদানি করেছে চীন।
রয়টার্স বলছে, মাত্র এক মাস আগে বিশ্বের সর্ববৃহৎ তেল আমদানিকারক চীন প্রাথমিকভাবে রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর মস্কোকে প্রকাশ্যে সমর্থন দেওয়া এবং রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞার ভয়ে এ ঘোষণা দিয়েছিল বেইজিং। কিন্তু, সে জায়গা থেকে এখন সরে এসেছে চীন।
রুশ বাহিনী ইউক্রেনে হামলা করার পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তেলের বড় কিছু ক্রেতা রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মস্কোর ওপর আরও কিছু নিষেধাজ্ঞা চূড়ান্ত করেছে। এর মধ্যে রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।