রাশিয়ার নাগরিক হিসেবে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপন নজরদারির বিষয়টি প্রকাশ করে দেওয়া মার্কিন নাগরিক এডওয়ার্ড স্নোডেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসকারি দেশটির সাবেক গোয়েন্দা কন্ট্রাকটার এডওয়ার্ড স্নোডেন রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন এবং তিনি রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন।
এডওয়ার্ড স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আনাতোলি কুচেরেনা জানান, স্নোডেনের স্ত্রী লিন্ডসে মিলসও রুশ নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৬ সেপ্টেম্বর স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব প্রদানের ডিক্রিতে স্বাক্ষর করেন। ৩৯ বছর বয়সি স্নোডেনের কাছে এই খবরের ব্যপারে মন্তব্য চাওয়া হলে তিনি কোন এর উত্তর দেননি।
প্রসঙ্গত, ২০১৩ সালে মার্কিন গোপন নজরদারির বিভিন্ন তথ্য ফাঁস করে দুনিয়াজুড়ে আলোড়ন তুলেছিলেন স্নোডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই ফাঁসের ঘটনায় সামনে আসে নিজ দেশের নাগরিকদের ওপর ওয়াশিংটনের গোয়েন্দা নজরদারির ভয়াবহতা। তথ্যফাঁসের পর থেকেই নিজ দেশ থেকে স্নোডেন পালিয়ে বেড়াচ্ছিলেন। মার্কিন প্রশাসন তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তাতে দেশটির আইন অনুযায়ী স্নোডেনের অন্তত ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।
২০১৩ সাল থেকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তির তালিকাতেও স্নোডেনের নাম রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকার ২০২০ সালের অক্টোবর মাসে তাকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়। এর ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে তাকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেয় ক্রেমলিন।
২০১৭ সালে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গোপন নীতি ফাঁস করা ছিল স্নোডেনের ভুল। তবে তিনি বিশ্বাসঘাতক নন।