রাশিয়ার লুহান্সক অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘাটি হিসেবে পরিচিতি পাওয়া সেভারোদনেস্ক দখলে হামলা জোরদার করেছে রুশ সৈন্যরা। কেউ কেউ একে সেভারোদনেস্ক-এর যুদ্ধ বলেও নাম দিয়েছেন। এর আগে মারিউপোলের আজাভস্টালের ঘাটি নিয়ে এমন যুদ্ধ হয়। অবশেষে গতকাল শনিবার ওই ঘাটিতে যুদ্ধ করা ইউক্রেনের সৈন্যরা আত্মসমর্পন করলে মারিউপোলো বিজয় ঘোষণা করে রুশ সৈন্যরা। যুদ্ধের সময় ইউক্রেনের কাছে আটক রুশ সৈন্য ও সম্প্রতি আজাভস্টালের আত্মসমর্পন করা ইউক্রেনিয়ান সৈন্যদের মধ্যে বন্দি বিনিময় প্রসঙ্গ নিয়ে এখন ইউক্রেন ও রাশিয়ার কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর আজ প্রথম কোন বিদেশী রাষ্ট্রপ্রধান হিসেবে ইউক্রেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রেজেজ ডুডার। রাশিয়ান বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে। ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর পোল্যান্ডেই আশ্রয় দিয়েছিলো অধিকাংশ ইউক্রেনিয়ান বেসামরিক নাগরিককে।
ওদিকে রাশিয়ার কুরস্ক এলাকায় ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। কুরস্ক অঞ্চলের গর্ভনর রোমান স্টারোভয়েট জানিয়েছেন, রাশিয়ার অভ্যন্তরে নতুন করে ইউক্রেনের এ হামলা পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাবে। তবে হামলায় উল্লেখযোগ্য কোন ক্ষয়ক্ষতি হয়নি।