মে ৬, ২০২৩, ০৬:১৩ পিএম
যুক্তরাজ্যের রাজতন্ত্রের ৪০তম সিংহাসন আরোহী হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। একই সঙ্গে রাজ্যাভিষেক হয়েছে চার্লসের স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলারও।
শনিবার (৬ মে) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) এই আনুষ্ঠানিকতা শুরু হয়। ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজা চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

রাজ্যাভিষেক শপথের আইনি প্রয়োজনীয়তা রয়েছে জানিয়ে রাজাকে আর্চবিশপ বলেন, নতুন রাজা যেন তাঁর শাসনকালে আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখেন।

পবিত্র গসপেলের উপর হাত রেখে রাজ্যাভিষেকের শপথ নেন রাজা তৃতীয় চার্লস। এ সময় নিজেকে একজন ‘বিশ্বাসী প্রোটেস্ট্যান্ট’ ঘোষণা দিয়ে তিনি বলেন, রাজা হিসেবে নিজের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি। আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার করেন তিনি।

এর আগে বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নিয়ে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেক অনুষ্ঠানে পৌঁছান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তাঁর স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা।

এ সময় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উপস্থিত ছিলেন- রাজার বড় ছেলে প্রিন্স উইলিয়াম, ছোট ছেলে প্রিন্স হ্যারি ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা।

শপথ অনুষ্ঠানের পর একটি উপদেশমূলক বক্তব্যে ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি বলেন, ‘আমরা প্রত্যেকে এখানে একজন রাজাকে মুকুট পরাতে এসেছি’।

তিনি আরও বলেন, ‘আজ যা দেওয়া হলো তা সকলের লাভের জন্য। কারণ যীশু খ্রিস্ট এমন একটি রাজ্যের কথা ঘোষণা করে গেছেন যেখানে দরিদ্র ও নিপীড়িতরা অন্যায়ের শৃঙ্খল থেকে মুক্ত, অন্ধরা ক্ষতবিক্ষত ও ভগ্নহৃদয়কে দেখতে পায় এবং সেই রাজ্যকে সুস্থ করে তোলে।’

শপথ অনুষ্ঠানের পর রাজা চার্লসকে আনুষ্ঠানিকভাবে পবিত্র জলপাই তেল মাখানো হয়। ক্যান্টারবুরির আর্চবিশপ অ্যাম্পুলা নামে বিশেষ একটি পাত্র থেকে বিশেষ ওই তেল চামচে ঢেলে ‘অ্যানইনমেন্ট’ তথা তেল মাখানোর অনুষ্ঠান শুরু করেন। বিশেষ এই তেল ফিলিস্তিনের জেরুজালেম থেকে আনা হয়েছে।
এরপর প্রথামাফিক রাজাকে মুকুট পরিয়ে দেন ক্যান্টারবুরির আর্চবিশপ। মুকুট পরানোর মধ্যদিয়ে রাজা চার্লসের রাজ্যাভিষেক সম্পন্ন হয়।

রাজা চার্লস ও কুইন কনসর্ট এরপর গোল্ড স্টেট কোচ নামের স্বর্ণখচিত ঘোড়ার গাড়িতে চড়ে এক মাইল দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেবেন। এই শোভাযাত্রার মধ্য দিয়ে বাকিংহাম প্যালেসে ফিরবেন রাজা চার্লস এবং রানি ক্যামিলা। এরপর তারা বাকিংহাম প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে উদ্যাপনমূলক ফ্লাইপাস্ট (বিমানের মহড়া) দেখবেন।

অনুষ্ঠানে অংশ নেন প্রায় দুই হাজার ২০০ অতিথি। বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
২০২২ সালের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর যুক্তরাজ্য এবং আরও ১৫টি দেশের রাজা হন তাঁর বড় ছেলে চার্লস।