জুলাই ১৩, ২০২২, ০৪:৩৫ পিএম
শ্রীলংকায় সরকারবিরোধী বিক্ষোভকারীরা এবার দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেল ‘রূপবাহিনির’ নিয়ন্ত্রণ নিয়েছে। তবে বিক্ষোভকারীদের প্রবেশের পরই সম্প্রচার স্থগিত করা হয় টেলিভিশন চ্যানেলের।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে একথা জানায়। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলটির অফিসে প্রবেশ করায় প্রকৌশলীরা সম্প্রচার বন্ধ করে দেন।
এদিকে শ্রীলঙ্কায় জারি হওয়া জরুরি অবস্থার মধ্যেও দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। তবে সেখানে ছিলেন না রনিল বিক্রমাসিংহে।
বিক্ষোভকারীরা দাবি করেন, দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সহযোগী রনিল বিক্রমাসিংহে। তাকেও পদত্যাগ করতে হবে।
প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার ৩টার দিকে সামরিক বাহিনীর একটি বিমানে করে স্ত্রী এবং দুই নিরাপত্তারক্ষীকে নিয়ে মালদ্বীপের রাজধানী মালেতে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। তবে ৭৩ বছর বয়সী গোতাবায়া মালদ্বীপ থেকে কোথায় যেতে চান তা এখনো জানা যায়নি।
সংবিধান অনুযায়ি শ্রীলংকার প্রেসিডেন্ট হিসেবে পাওয়া রাষ্ট্রীয় সুরক্ষাবলয়ে গোতাবায়া রাজাপক্ষে সব ধরনের আইনী প্রক্রিয়া থেকে সুরক্ষিত। অর্থাৎ প্রেসিডেন্ট হওয়ার কারণে তাকে গ্রেপ্তারে সাংবিধানিক বিধান নেই। আর তাই এই সুযোগকে কাজে লাগিয়ে ক্ষমতা হস্তান্তরের আগেই নিরাপদে তিনি মালদ্বীপে পাড়ি দেন।
প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের পর গ্রেপ্তার হতে পারেন এমন শঙ্কা থেকেই তিনি দেশ ছাড়তে চাচ্ছিলেন। তার শঙ্কা ছিল পদত্যাগের পর নতুন প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারে। এর আগে সোমবারও তিনি আকাশ ও সমুদ্রপথে দেশত্যাগের চেষ্টা করেছেন। কিন্তু তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।