ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর রাজনীতিতে আসা নিয়ে চলছে বেশ গুঞ্জন। এই বিষয়ে মুখ খুলেছেন সৌরভের স্ত্রী ডোনা।
রাজনীতিতে এলে সৌরভ ভাল কাজই করবেন। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে এমনই মন্তব্য করলেন স্ত্রী ডোনা। তাদের বাড়িতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের নৈশভোজের পর দিন, শনিবার সৌরভের রাজনীতিতে আসা প্রসঙ্গে ডোনার এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে।
শনিবার একটি অনুষ্ঠানে এসে ডোনা বলেন, ‘জল্পনা করাই তো মানুষের কাজ। যদি কোনও খবর থাকে তবে তা সবাই জানতে পারবেন।’
রাজ্যে দু’দিনের সফরে এসে শেষ দিন অর্থাৎ, শুক্রবার রাতে বীরেন রায় রোডের সৌরভের বাড়িতে নৈশভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা।
অন্যদিকে, অমিত শাহের নৈশভোজের ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার দুপুরে একটি অনুষ্ঠানের মঞ্চে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশে দেখা যায সস্ত্রীক সৌরভকে। সেখানে আবার সৌরভ জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার কাছের মানুষ।