স্ত্রীকে হত্যা করে কড়াইয়ে সেদ্ধ করল স্বামী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২২, ০৯:১৪ পিএম

স্ত্রীকে হত্যা করে কড়াইয়ে সেদ্ধ করল স্বামী

পাকিস্তানে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। এক পাকিস্তানি ব্যক্তি তাঁর ৬ সন্তানের সামনে তাঁর স্ত্রীকে হত্যা করে একটি বড় কড়াইয়ে সেদ্ধ করেছেন। ঘটনাটি ঘটেছে দেশটির সিন্ধু প্রদেশে।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নার্গিস নামের ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় গুলশান–ই ইকবাল নামের একটি আবাসিক এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ের রান্নাঘরের একটি কড়াই থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই নারীর স্বামী আশিক ওই স্কুলের পাহারাদার হিসেবে কাজ করতেন এবং স্কুলের কর্মচারীদের জন্য নির্ধারিত কোয়ার্টারে বাস করতেন। তবে গত ৮/৯ মাস ধরে স্কুলটি বন্ধ রয়েছে। নিহত ওই নারীর ১৫ বছরের মেয়ে এ ঘটনা সম্পর্কে পুলিশকে জানায়। 

পুলিশকে জানিয়েছে—ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে একটি বড় কড়াইয়ে নিয়ে তাঁকে সেদ্ধ করে।

পুলিশ জানায়, ওই নারীর একটি পা তাঁর দেহ থেকে আলাদা করা ছিল। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে তা এখনো জানা যায়নি। 

Link copied!