হোয়াইট হাউসের কাছে বজ্রপাতে ৩ জন নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২২, ০৩:০৭ পিএম

হোয়াইট হাউসের কাছে বজ্রপাতে ৩ জন নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছের একটি পার্কে বজ্রপাতের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে হোয়াইট হাউস সংলগ্ন লাফায়েত্তি স্কয়্যার নামে একটি ছোট পার্কে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় দু’জন নারী ও দু’জন পুরুষ গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে নেয়ে যাওয়া হয়। পরে গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। আহত অপর নারীর অবস্থাও সংকটজনক বলে বলে জানিয়েছে ওয়াশিংটন পুলিশ।

নিহতদের মধ্যে একজন পুরুষ ও নারীর পরিচয় জানা গেছে। তারা হলেন- ৭৬ বছর বয়সী জেমস ম্যুয়েলোর এবং তার স্ত্রী ৭৫ বছর বয়সী ডোনা ম্যুয়েলার। তারা  উইসকনসিন রাজ্যের জেনসভিল শহরের বাসিন্দা বলে এপির প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, বজ্রপাতের ঘটনায়  হতাহতদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিয়েরে এক বিবৃতিতে বলেন, ‘আমরা এই ঘটনায় বিহ্বল। নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি, আর যিনি এখনও বেঁচে আছেন— তার জন্য প্রার্থণা।’

Link copied!