মে ১২, ২০২২, ১১:৪৩ এএম
ছাঁচে বাধা জীবনে সবাই চলতে পারে না। কেউ কেউ চলেন নিজের খেয়ালে। প্রাধান্য দেন নিজের ভালোলাগাকে। এজন্যই দুনিয়া এত বৈচিত্র্যময়। ঠিক তেমনি, প্রচলিত ধারার বাইরে গিয়ে বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন অ্যাপেলের কর্মকর্তা ইয়ান গুডফেলো। শুধুমাত্র বাড়ি থেকে কাজ করতে চাওয়ার প্রবল ইচ্ছের বশে প্রায় ৭ কোটি টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়েছেন তিনি।
ইস্তফা দেওয়ার সময়ে গুডফেলো অ্যাপল সংস্থাকে ইমেলে জানিয়েছেন, “সুষ্ঠুভাবে কাজ করার জন্য তার আরও বেশি স্বাধীন পরিবেশের প্রয়োজন।”
করোনার চোখ রাঙানি কিছুটা কম হওয়ায় বেসরকারি সংস্থাগুলো তাদের কর্মীদের অফিসে এসে কাজ করার নির্দেশ জারি করছে। একদল কর্মী অফিসে গিয়ে কাজ করতে হবে শুনে বেশ উৎসাহিত। অপর দিকে এমন অনেকেই আছেন, যাদের মধ্যে অফিস যাওয়া নিয়ে বেশ অনীহা দেখা দিয়েছে। তাঁদের ধারণা, অফিসে গেলে তাঁদের কর্মক্ষমতা কমে যাবে। শুধু তাই নয়, নিয়মিত অফিস যাতায়াতের জন্য তাঁদের অনেকটা সময় অযথা নষ্ট হবে।
অ্যাপলের মেশিন লার্নিং ডিরেক্টর, ইয়ান গুডফেলোও এমনটা মনে করেন। অফিসে ফিরে যেতে হবে শুনে অ্যাপলের প্রায় এক মিলিয়ন ডলারের চাকরি ছেড়ে দিতেও দ্বিধাবোধ করেননি তিনি। ইয়ান জানিয়েছেন, এত বড় একটি সংস্থা থেকে কাজ ছাড়ার সিদ্ধান্ত অ্যাপলের হাইব্রিড কাজের নীতির জন্যেই।
তিনি অ্যাপলে ঠিক কত টাকা বেতন পেতেন, তা সঠিক ভাবে জানা যায়নি। তবে সংবাদ সংস্থার খবর অনুযায়ী, অ্যাপলের আগে তিনি যেই বহুজাতিক সংস্থায় কাজ করতেন সেখানে তাঁর বেতন ছিল বার্ষিক ৮,০০,০০০ মার্কিন ডলার। সুতরাং, ধরে নেওয়া যায় অ্যাপলে তাঁর বেতন এর চেয়ে বেশিই ছিল।