‘রুশ বিশ্ব’ গঠন করার প্রত্যয় ব্যক্ত করলেন পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২২, ০১:৫২ এএম

‘রুশ বিশ্ব’ গঠন করার প্রত্যয় ব্যক্ত করলেন পুতিন

রাশিয়ার নতুন পররাষ্ট্রনীতির অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার ‘রুশ বিশ্বের’ ধারণার ওপর তৈরি করা এই পররাষ্ট্রনীতিটির অনুমোদন দেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে।

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘটনায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বেশির ভাগ দেশের সাথে যখন রাশিয়ার সম্পর্ক  অনেকটা ‘সাপে-নেউলে’ সম্পর্ক ঠিক তখনি নতুন পররাষ্ট্রনীতির অনুমোদন দিলেন পুতিন। নতুন এই পররাষ্ট্রনীতির  মাধ্যমে ‘রুশ বিশ্ব’ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। 

৩১ পৃষ্ঠার এই পররাষ্ট্রনীতিটিকে আখ্যায়িত করা হয়েছে ‘মানবিক নীতি’ হিসেবে। ইউক্রেনে হামলা করার ছয় মাস পর এটি প্রকাশ ও অনুমোদন দিয়েছেন পুতিন। যেখানে বলা হয়েছে, রাশিয়াকে ‘রুশ বিশ্বের ঐতিহ্য এবং আদর্শকে রক্ষা, বাঁচানো এবং বৃদ্ধি’ করতে কাজ করতে হবে।  

নতুন পররাষ্ট্রনীতিতে আরও বলা হয়েছে, রাশিয়া স্লাভিক দেশগুলোর সঙ্গে যেমন সহযোগিতা বাড়াবে, তেমনি চীন–ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে তৎপর থাকবে। মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও আফ্রিকার সঙ্গেও সম্পর্ক জোরদার করা হবে। 

নতুন পররাষ্ট্রনীতিতে আরও বলা হয়েছে,২০০৮ সালে জর্জিয়ার সঙ্গে যুদ্ধের পর মস্কোর পক্ষ থেকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া আবখাজিয়া ও ওসেতিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করা হবে। ইউক্রেনে দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিকের সঙ্গেও সম্পর্ক জোরদার করার কথা বলেছে রাশিয়া।

নতুন পররাষ্ট্রনীতিতে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদারের কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। এর মাধ্যমে তিনি এসব অঞ্চলে মূলত রুশদের প্রভাব বাড়াতে চাইছেন। তাছাড়া পশ্চিমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ারও পরিস্কার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। 

তাছাড়া নতুন পররাষ্ট্রনীতিতে বলা হয়েছে, বিশ্বের অন্য দেশে যেখানে রুশ ভাষাভাষীরা বসবাস করেন তাদের অধিকার রক্ষায় কাজ করবে রাশিয়া।

নতুন পররাষ্ট্রনীতির মাধ্যমে ইউক্রেনে নিজেদের কথিত বিশেষ সামরিক অভিযানকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে বিশ্লেষকদের অনেকে ধারণা করছেন।

Link copied!