২৩ দিন ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল অব্যাহত হামলা চালিয়ে চলেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৮ হাজারেরও বেশি মানুষ।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জন শিশু এবং ২ হাজার ১৩৬ জন নারী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। সেখানে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
নিহতদের মধ্যে বৃদ্ধ রয়েছেন ৪৮০ জন। পশ্চিম তীরে নিহত হয়েছেন ১১৯ ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি হামলার পর গাজায় ১ হাজার ৯৫০ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৫০ জন শিশু।
এদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০৫ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শতাধিক সেনা। এ ছাড়া নিজেদের বন্দিদের মুক্ত করে আনতে দুই শতাধিক ইসরায়েলিকে গাজায় জিম্মি করে রেখেছে হামাস। এসব জিম্মির বেশ কয়েকজনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় হামলা শুরু করে।