ছবি: সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলায় অন্তত ১০ জন নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা, যা ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ–এর বরাতে এ তথ্য প্রকাশ করেছে।
ইরানের নার্সিং সিস্টেম অর্গানাইজেশনের মহাপরিচালক জানান, দায়িত্ব পালনকালে এসব নার্স নিহত হয়েছেন। একই সঙ্গে আরও অনেক স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। তবে এমন পরিস্থিতিতেও চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।
পর্যবেক্ষকদের মতে, চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু করার এ ঘটনা গাজা অঞ্চলের পরিস্থিতির সঙ্গে মিল রয়েছে, যেখানে ইসরাইলি বিমান হামলায় বহু বেসামরিক নাগরিকের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও নিহত হয়েছেন। এতে সংঘাতপূর্ণ এলাকায় চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ আরও বেড়েছে।
ইরানের আঞ্চলিক স্বাস্থ্য বিশ্লেষক ডা. লেইলা রহিমি বলেন, ‘দায়িত্বরত নার্সদের মৃত্যু যুদ্ধের মানবিক মূল্য কতটা ভয়াবহ, তার স্পষ্ট স্মারক। আন্তর্জাতিক আইনের অধীনে চিকিৎসাকর্মীদের সুরক্ষা পাওয়ার কথা, জীবন বাঁচাতে গিয়ে তাদের সহিংসতার শিকার হওয়া উচিত নয়।’
সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলো চিকিৎসাকর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা এক মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত মোট ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৪০ জন নারী এবং ২১২ জন শিশু রয়েছে।