অক্টোবর ৭, ২০২৩, ০৪:৪৭ পিএম
শনিবার ইসরায়েলের দিকে একের পর এক রকেট ছোড়া হয়েছে।
ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের দ্বিমুখী হামলায় অন্তত ২২ ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আজ শনিবার ইসরায়েলের দিকে একের পর এক রকেট ছোড়া হয়েছে। হামাস বলেছে, ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে নতুন অভিযানের অংশ হিসেবে রকেটগুলো ছুড়েছে তারা। প্রথম ২০ মিনিটের অভিযানে ৫ হাজারের বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে হামাস।
হামলার পর এক ভিডিও বার্তায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, শনিবার ভোরে হামাসের আকস্মিক হামলার পর দেশ ‘যুদ্ধের মধ্যে’ রয়েছে। ইসরায়েলের নাগরিকরা, আমরা যুদ্ধে আছি। কোনো অপারেশনে নয়, রাউন্ডে নয়, যুদ্ধে।’
হামাস বলেছে, ‘আমরা দখলদারদের (ইসরায়েল) সব অপরাধমূলক কর্মকাণ্ড অবসানের সিদ্ধান্ত নিয়েছি। তাদের জবাবদিহি ছাড়াই তাণ্ডব চালিয়ে যাওয়ার সময় শেষ হয়েছে। আমরা অপারেশন আল আকসা ফ্লাড ঘোষণা করেছি। প্রথম ২০ মিনিটের অভিযানে ৫ হাজারের বেশি রকেট ছুড়েছি।’
এদিকে, ফিলিস্তিনে হামলা চালাতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা সমাবেশের আদেশ দিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, রকেট হামলার পাশাপাশি গাজা উপত্যকা থেকে সন্ত্রাসীরা ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে।
ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিডের কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরাইলে বর্তমানে জরুরি অবস্থা বিরাজ করছে।ইয়ার ল্যাপিড হামাসের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখাতে সরকারের সামরিক পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ল্যাপিড প্রধানমন্ত্রীর সামরিক সচিব আভি গিলের কাছ থেকে হালনাগাদ তথ্য পেয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্রুতই এ ব্যাপারে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে তাঁর কার্যালয়।