বলিভিয়ায় ব্যাংক নোটবাহী সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৫

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:১০ পিএম

বলিভিয়ায় ব্যাংক নোটবাহী সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৫

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজ এর নিকটবর্তী এলাকায় ব্যাংকের নোট বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার অবতরণের সময় এ দুর্ঘটনাটি ঘটে।
 

দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সি–১৩০ হারকিউলিস মডেলের ওই পরিবহন বিমানটি এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। পরে বিমানটি পাশের একটি সড়কে আছড়ে পড়লে অন্তত একটি গাড়ি ও কয়েকটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।
 

দুর্ঘটনার পর বিমান থেকে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ ব্যাংক নোট কুড়িয়ে নিতে ঘটনাস্থলে ভিড় করেন কিছু মানুষ। তবে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভিড় ছত্রভঙ্গ করে।
 

বলিভিয়ার জাতীয় দমকল বিভাগের কর্নেল পাভেল টোভার সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল এবং এতে কারা আরোহী ছিলেন সে বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে বলিভিয়ার প্রশাসন।

Link copied!