টানা চতুর্থ শিরোপা অর্জন

ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় আবারও সেরা ক্যামব্রিজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২৬, ০১:৫৫ পিএম

ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় আবারও সেরা ক্যামব্রিজ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে টেমস নদীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় নৌকা বাইচ প্রতিযোগিতায় আবারও নিজেদের আধিপত্য দেখিয়েছে ক্যামব্রিজ। ১৭১তম আসরে অক্সফোর্ডকে পরাজিত করে টানা চতুর্থবারের মতো শিরোপা জিতেছে তারা।

বার্তা সংস্থা AFP জানায়, শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স দেখায় ক্যামব্রিজ। প্রতিযোগিতার মাঝপথে দুই দলের বৈঠার সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হলেও দ্রুত তা সামলে নেয় আয়োজকরা। এই সময়ে কাছাকাছি চলে আসায় অক্সফোর্ড দলকে একাধিকবার সতর্ক করেন আম্পায়ার।

এবারের প্রতিযোগিতায় একটি বিশেষ দিক ছিল—প্রথমবারের মতো দুই দলের অধিনায়কই ছিলেন ফরাসি নাগরিক। ক্যামব্রিজের নেতৃত্ব দেন নোয়াম মুয়েল, আর অক্সফোর্ডের অধিনায়ক ছিলেন টোবিয়াস বার্নার্ড।

পুটনি থেকে চিসউইক পর্যন্ত প্রায় ৬.৯ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ১১ দশমিক ২ সেকেন্ডের ব্যবধানে জয় পায় ক্যামব্রিজ। পুরো পথজুড়েই এগিয়ে থাকা দলটি শেষ অংশে গতি আরও বাড়িয়ে প্রতিদ্বন্দ্বীদের নাগালের বাইরে চলে যায়।

জয়ের পর অনুভূতি জানিয়ে ক্যামব্রিজ অধিনায়ক মুয়েল বলেন, দলের লক্ষ্য পূরণ করতে পারায় এটি দারুণ এক স্বস্তির মুহূর্ত।

প্রতিযোগিতার দীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত ক্যামব্রিজ জিতেছে ৮৮ বার, আর অক্সফোর্ডের জয় ৮১টি। একবার দুই দল সমান অবস্থানে শেষ করেছিল। এবারও জয় দিয়ে নিজেদের সাফল্যের পাল্লা আরও ভারী করল ক্যামব্রিজ।

Link copied!