হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত কনটেইনার জাহাজ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০২:১৫ পিএম

হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত কনটেইনার জাহাজ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি কনটেইনার জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে প্রায় ৪৬ কিলোমিটার দূরে জাহাজটি আঘাতের শিকার হয়। ঘটনাস্থলটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের কাছাকাছি এলাকায়।

জাহাজটির ক্যাপ্টেন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে থাকা সব নাবিক নিরাপদ আছেন এবং তাদের সবাইকে শনাক্ত করা গেছে।

এ ঘটনায় ঠিক কতটা ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

ঘটনার পর ইউকেএমটিও ওই অঞ্চলে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। তাই এ অঞ্চলে যেকোনো নিরাপত্তা ঝুঁকি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

Link copied!