দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা বেনি গান্তজ জরুরি সরকার গঠনে রাজি হন।
ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে জরুরি সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে ইসরায়েলের ক্ষমতাসীন সরকারি দল ও বিরোধীরা। আজ বুধবার (১১ অক্টোবর) কয়েক ঘণ্টার দীর্ঘ আলোচনার পর দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা বেনি গান্তজ জরুরি সরকার গঠনে রাজি হন।
গান্তজের ন্যাশনাল ইউনিটি পার্টির এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়েছে।
বিবৃতি অনুসারে, দুই পক্ষ যুদ্ধকালীন একটি মন্ত্রিসভা গঠন করবেন। এ সভায় অন্তর্ভুক্ত থাকবেন নেতানিয়াহু, গ্যান্টজ ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। হামাসের বিরুদ্ধে যুদ্ধের সময় এ মন্ত্রিসভা কোনো সম্পর্কহীন নীতি বা আইন প্রচার করবে না।
যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধ পরিচালনার বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এ ধরনের কোনো বিল বা সরকারি সিদ্ধান্ত নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) পাস হবে না। এবং যুদ্ধকালীন সময়ে সমস্ত সিনিয়র কর্তৃপক্ষ নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো।
প্রাক্তন আইডিএফ জেনারেল ন্যাশনাল ইউনিটি এম কে গাদি আইজেনকোট ও মন্ত্রী রন ডারমার যুদ্ধ মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন।
এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের অতর্কিত হামলার পর থেকে এ পর্যন্ত ১,২০০ ইসরায়েলির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো ২,৭০০ জনের বেশি।
গত শনিবার সকালে হামাসের আকস্মিক হামলার পর নেতানিয়াহু বিরোধীনেতা ইয়ার লাপিদ ও বেনি গান্তজকে জরুরি সরকার গঠনের জন্য প্রথম আমন্ত্রণ জানান।