সংগৃহীত ছবি
বিশ্বে এই প্রথমবারের মতো চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরু (কুমেরু) জয় করলো ভারত। বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় ৬টায় দেশটির চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’ অবতরণ করে চাঁদের মাটিতে।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো ঐতিহাসিক এই অভিযানের চূড়ান্ত মুহূর্ত সরাসরি সম্প্রচার করেছে।
বুধবার সকাল থেকেই ভারতের কোটি কোটি মানুষের পাখির চোখ ছিল চন্দ্রপৃষ্ঠের সেই অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে।
চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুর গতিপথ ধরে নামার সাথে সাথে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর কমান্ড কক্ষে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন বিজ্ঞানীরা। দক্ষিণ আফ্রিকায় সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জাতীয় পতাকা হাতে আনন্দ প্রকাশ করেন।
এর আগে চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। এবার চতুর্থ দেশ হিসেবে নাম লিখিয়েছে ভারত। এর মধ্য দিয়ে চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও গড়বে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আগেই জানিয়েছে, বুধবার ভারতীয় সময় ৫টা ৪৫ মিনিটে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম তার চূড়ান্ত অবতরণ শুরু করবে এবং স্থানীয় সময় ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করার চেষ্টা করবে।
অবশেষে চন্দ্রযান-৩ স্থানীয় সময় ৬টায় অবতরণ করে এবং ইতিহাস গড়া এই অভিযানের চূড়ান্ত মুহূর্ত ইউটিউবে সরাসরি সম্প্রচার করেছে ইসরো। এই মুহূর্তের সাক্ষী হয়েছে গোটা ভারত তথা বিশ্ববাসী।
বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের ‘কুমেরু’ জয় করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “টিম চন্দ্রযানকে, বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা। তাঁরা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। ১৪০ কোটি দেশবাসীকে শুভেচ্ছা।
ভারতের উদীয়মান ভাগ্যের আহ্বান এই মুহূর্তে। অমৃতকালের আহ্বান। অন্তরীক্ষে নতুন ভারতের উদয়। আমি এখন দক্ষিণ আফ্রিকায়। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমার মনও এখানেই ছিল।”