নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করলো ইরান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০৬:১৮ পিএম

নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করলো ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তার নাম প্রকাশ করা হয়নি।

রোববার (৮ মার্চ) ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা জানান, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে তিনি নির্বাচিত ব্যক্তির নাম প্রকাশ করেননি।

তার বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য ঐকমত্যে পৌঁছেছেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণার আগে এখনও কিছু প্রশাসনিক প্রক্রিয়া বাকি রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার দায়িত্ব রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরি-এর ওপর।

এদিকে ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, খুজেস্তান প্রদেশের প্রতিনিধিত্বকারী পরিষদের সদস্য মোহসেন হায়দারি বলেছেন, ‘বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠের পরামশ্যে সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হয়েছে।’

ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট ৮৮ জন জ্যেষ্ঠ ধর্মীয় আলেমের একটি কাউন্সিল, যাদের পপুলার ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়। দেশটির সর্বোচ্চ নেতা পদ শূন্য হলে নতুন নেতা নির্বাচনের দায়িত্ব এই পরিষদের ওপরই ন্যস্ত থাকে।

পরিষদের এক সদস্য জানিয়েছেন, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া পরামর্শ অনুযায়ীই একজন প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে। তার পরামর্শ ছিল—ইরানের শীর্ষ নেতা এমন হতে হবে, যাকে ‘শত্রুরা ঘৃণা করবে’, প্রশংসা নয়।

নির্বাচিত উত্তরসূরি সম্পর্কে হায়দারি আলেকাসির বলেন, ‘এমনকি বড় শয়তান’ (যুক্তরাষ্ট্র) তার নাম উল্লেখ করেছে।’

এর আগে কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, মোজতাবা খামেনি তার কাছে ‘অগ্রহণযোগ্য’ পছন্দ।

অন্যদিকে ইসরাইল হুমকি দিয়ে বলেছে, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হোক না কেন, তাকেই তারা লক্ষ্যবস্তু করবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

Link copied!