মার্চ ২১, ২০২৬, ১০:০৪ এএম
ফাইল ছবি: এএফপি
দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরান অন্তত দুটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়, আর অন্যটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়।
ভারত মহাসাগরের ঠিক মাঝখানে, বিষুবরেখার দক্ষিণে অবস্থিত দিয়াগো গার্সিয়া দ্বীপ। রয়টার্স জানায়, এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
মার্কিন একজন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, দিয়াগো গার্সিয়া লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পরিচালিত হয়েছে। সংবাদমাধ্যমটি দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি ও মার্কিন বিমানবাহিনীর ভারী বোমারু বিমানের প্রধান বিমানঘাঁটি হিসেবে উল্লেখ করেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত দিয়াগো গার্সিয়াকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা রাখে, যা ইরানের পূর্বের ক্ষেপণাস্ত্র পাল্লার দাবির চেয়ে অনেক বেশি।
গত মাসে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, ইরান ইচ্ছাকৃতভাবে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে।
তথ্যসূত্র: আল–জাজিরা ও দ্য গার্ডিয়ান