মার্চ ১৭, ২০২৬, ০৫:২৫ পিএম
আলী লারিজানি। ছবি: সংগৃহীত
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে ঘিরে ভিন্ন ভিন্ন দাবি তুলেছে ইসরায়েল ও ইরান। ইসরায়েল দাবি করেছে, তাদের হামলায় লারিজানি নিহত হয়েছেন। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি জীবিত আছেন এবং শিগগিরই একটি বার্তা প্রকাশ করবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আলী লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ওই হামলায় তিনি নিহত হয়েছেন নাকি আহত হয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
একই ঘটনায় বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানিকেও হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে—সোমবার রাতে চালানো হামলায় লারিজানি নিহত হয়েছেন। কাৎস বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে প্রধানমন্ত্রী ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে ইরানের গণমাধ্যমগুলো এই দাবি অস্বীকার করেছে। দেশটির তাসনিম ও মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, আলী লারিজানি শিগগিরই একটি বার্তা দেবেন। তাদের পোস্টে বলা হয়েছে, কয়েক মিনিটের মধ্যেই সেই বার্তা প্রকাশ করা হবে।
এ ঘটনায় দুই পক্ষের বিপরীতমুখী বক্তব্যের কারণে লারিজানির প্রকৃত অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।