ছবি: রয়টার্স
ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানে ইসরায়েল সাদা ফসফরাসযুক্ত অস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। লেবাননে হিজবু্ল্লাহ যোদ্ধাদের ওপর হামলায়ও ইসরাইল সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি।
রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। তবে হিউম্যান রাইটস ওয়াচের এই দাবি সম্পর্কে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা এ বিষয়ে অবগত নয়।
ঘন সাদা ধোঁয়া তৈরি করা এই সাদা ফসফরাস খুবই দাহ্য রাসায়নিক। এই রাসায়নিক গায়ে লাগলে মারাত্মক দগ্ধ হতে পারে লোকজন। জনবহুল এলাকায় সাদা ফসফরাসযুক্ত অস্ত্রের ব্যবহার অত্যন্ত বিপজ্জনক। এতে ঘরবাড়িতে আগুন লেগে যেতে পারে। ফসফরাস অস্ত্র বেসামরিক নাগরিকদের গুরুতর ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত ঝুঁকিতে ফেলছে।
হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৫০০ শিশু এবং ২৭৬ জন নারী রয়েছে। এতে আহত হয়েছেন আরও ৬ হাজার ৬১২ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক। বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার মানুষ।
শনিবার সকালে হামাসের হামলার পর থেকে ইসরায়েলে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।