হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাবে না জাপান ও অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ০১:৩৩ পিএম

হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাবে না জাপান ও অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। এই পরিস্থিতিতে তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে মিত্রদের সহায়তা চাইলেও এখন পর্যন্ত কোনো দেশ যুদ্ধজাহাজ পাঠাতে রাজি হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান ও অস্ট্রেলিয়াও স্পষ্টভাবে জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না।

স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খোলা রাখতে যেসব দেশ এর সুবিধা ভোগ করে তাদেরই এ দায়িত্বে এগিয়ে আসা উচিত। তিনি যুক্তি দেন, ইউরোপ ও চীন উপসাগরীয় অঞ্চল থেকে আসা তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

তবে ট্রাম্পের এই আহ্বানে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ মিত্র জাপান ও অস্ট্রেলিয়া। সোমবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল ট্যাংকার পাহারা দেওয়ার জন্য নৌযান পাঠানোর কোনো পরিকল্পনা টোকিওর নেই।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমরা এখনও যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। জাপান স্বাধীনভাবে কী করতে পারে এবং আইনি কাঠামোর মধ্যে কী করা যেতে পারে তা আমরা পর্যবেক্ষণ করে দেখছি।’

ট্রাম্পের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এই জলপথ পাহারায় সহায়তার আহ্বানের পরই জাপানের প্রধানমন্ত্রীর এই মন্তব্য সামনে এলো। সানায়ে তাকাইচি চলতি সপ্তাহের শেষ দিকে ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা রয়েছে।

এদিকে অস্ট্রেলিয়াও জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। সোমবার দেশটির পরিবহনমন্ত্রী ক্যাথেরিন কিং এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অবস্থান স্পষ্ট করেন।

তিনি বলেন, ‘আমাদের কাছে অনুরোধ আসলে আমরা কী ধরনের অবদান রাখছি সে বিষয়ে আমরা খুবই স্পষ্ট। এখন পর্যন্ত সেই অবদানের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রতিরক্ষা সহায়তার জন্য বিমান সরবরাহ করা হয়েছে—বিশেষ করে ওই এলাকায় অবস্থানরত বিপুলসংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের বিষয়টি বিবেচনায় রেখে।’

অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী আরও বলেন, তবে আমরা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠাব না। আমরা জানি এটি কতটা গুরুত্বপূর্ণ। এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি এবং এতে আমরা কোনো অবদানও রাখছি না। তথ্যসূত্র: আল জাজিরা

Link copied!