শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না: মুজতবা খামেনি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০১:২৮ পিএম

শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না: মুজতবা খামেনি

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন, দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা করা হলেও ইরানি বাহিনীকে দমানো যাবে না। সোমবার (৬ এপ্রিল) ভোরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। খবর সিএনএনের।

মুজতবা খামেনি বলেন, ‘ইরান সত্যের পথে থাকা যোদ্ধা ও আত্মত্যাগী সশস্ত্র বাহিনী মিলে এমন এক শক্তিশালী ফ্রন্ট গঠন করেছে, যাদের সংকল্প সন্ত্রাস ও অপরাধ ভাঙতে পারে না।’

তার এই বক্তব্য লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়। ইরানে যুদ্ধের শুরুর দিকেই তার বাবা, দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পরই সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মুজতবা খামেনি। দায়িত্ব নেওয়ার পর তিনি জনসমক্ষে আসেননি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে দেশটির বহু জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। এতে ইরানের গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তা নিহত হয়েছেন।

আইআরজিসির গোয়েন্দাপ্রধান সম্পর্কে তিনি বলেন, ‘মাজিদ খাদেমি ইরানের নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা ক্ষেত্রে নীরবে, নিষ্ঠার সঙ্গে কয়েক দশক কাজ করেছেন।’

Link copied!