ছবি : সংগৃহীত
কলম্বিয়ায় উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সোমবার আমাজন অঞ্চলের পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগিসামো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিমানটিতে মোট ১২৮ জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই সামরিক সদস্য।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের অধিকাংশই সেনাসদস্য। এছাড়া কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং অনেক আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। এলাকাবাসীও উদ্ধারকাজে অংশ নেয় এবং দ্রুত আহতদের সরিয়ে নিতে সহায়তা করে।
সেনা কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকভাবে এটি কোনো হামলার ঘটনা নয় বলে ধারণা করা হচ্ছে। বিমানটিতে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে, তবে সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনাটি জাতীয়ভাবে গভীর শোকের সৃষ্টি করেছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সামরিক সরঞ্জাম আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।