সংগৃহীত ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে যাওয়ার পথে আড়াইশোর বেশি যাত্রী নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে এলএটিএএম নামে মার্কিন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের পাইলট মারা গেছেন। পরে পানামাতে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।
স্থানীয় সময় মঙ্গলবার বিমানটির সূত্র দিয়ে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট ও ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে পাইলট ইভান আন্দাউর (৫৬) বিমান চলার সময়ে অসুস্থ হয়ে বাথরুমে পড়ে যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
এলএটিএএম এয়ারলাইন্সের পক্ষ থেকে থেকে বলা হয়েছে, উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র ছাড়ার তিন ঘণ্টা পর পাইলট ক্যাপ্টেন ইভান বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন সহকর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ওই পাইলটের চিকিৎসার দায়িত্বে থাকা একজন নার্স জানিয়েছেন, তাদের কাছে ভালো চিকিৎসার পর্যাপ্ত সরঞ্জাম ছিল না।
এলএটিএএম এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, আমরা ইভানের ২৫ বছরের কর্মজীবন এবং তার মূল্যবান অবদানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তার জীবন রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় চেষ্টা করা হয়েছিল। তার মৃত্যু ঘটনার পর মঙ্গলবার ফ্লাইটটি পানামা ছাড়ে।