মার্চ ১, ২০২৬, ০৩:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের করাচিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিবাদে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ হয়েছে। এ সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তির সময় নয়জন নিহত হয়েছেন।
রোববার করাচির মাই কোলাচি রোডে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, জানিয়েছেন ডন। খামেনিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ জানিয়েছেন, নয়টি মরদেহ করাচি সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসলামাবাদ থেকে আল জাজিরার সাংবাদিক আবিদ হোসাইন জানিয়েছেন, ইরানের সঙ্গে সংহতি জানিয়ে গিলগিট-বালতিস্তানে বিক্ষোভকারী স্কার্দু শহরে বেশকিছু ভবন ভাঙচুর করেছেন। এর মধ্যে আছে, জাতিসংঘ সংশ্লিষ্ট একটি আঞ্চলিক দপ্তর। প্রাথমিকভাবে কেবল ভবনের ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে।
এদিকে, ভারতশাসিত কাশ্মীরে কয়েক হাজার শিয়া মুসলিম বিক্ষোভ করেন। শ্রীনগরে লাল, কালো ও হলুদ পতাকা হাতে সমবেত হন বিক্ষোভকারীরা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন। ৪০ বছর বয়সী সৈয়দ তৌফিক এএফপিকে বলেন, ‘আজ আমাদের সবার হৃদয় ভারাক্রান্ত। আমরা আমাদের প্রিয় নেতাকে হারানোর শোক পালন করছি।’
সৈয়দ তৌফিক আরও যোগ করেন, ‘ট্রাম্পের জন্য আমাদের সবার একটি বার্তা আছে। আমরা সব সময় আপনার নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াব। আপনি যদি মনে করেন আমাদের প্রিয় নেতাকে শহীদ করে আপনি সফল হয়েছেন, তবে আপনি ভ্রান্তিতে আছেন।’
কাশ্মীরের পাশাপাশি ভারতের অন্যান্য শিয়া মুসলিম অধ্যুষিত এলাকাতেও বিক্ষোভ হয়েছে, জানিয়েছে আল জাজিরা।