ডিসেম্বর ২০, ২০২৩, ০৪:৫৩ এএম
ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স
ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রায় ১৩ হাজারই নারী ও শিশু। এ অবস্থায় যুদ্ধবিরতির লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া রেজুলেশনের ওপর ভোটাভুটি মঙ্গলবার (১৯ ডিসেম্বর) টানা দ্বিতীয়বারের মতো স্থগিত করা হলো।
বুধবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু।
সংযুক্ত আরব আমিরাতের উত্থাপিত এই প্রস্তাবে বলা হয়েছে, ‘গাজায় তাৎক্ষণিকভাবে সব হামলা বন্ধ করতে হবে, বন্দিদের বিনা শর্তে মুক্তি দিতে হবে এবং গাজার সাধারণ মানুষের কাছে বিপুল ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।’
এছাড়াও আন্তর্জাতিক আইনের অধীনে সংঘাতের সকল পক্ষকে অবশ্যই তাদের বাধ্যবাধকতা মেনে চলতে হবে তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
মঙ্গলবার দিনের শেষের দিকে এই ভোট হওয়ার কথা ছিল কিন্তু যুক্তরাষ্ট্র এখনও এই খসড়া রেজুলেশনের বিষয়ে আশ্বস্ত নয়। স্থগিত হওয়ার পর এখন বুধবার (২০ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদের সদস্যরা খসড়া প্রস্তাবের ওপর ভোট দেবেন। এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) প্রথম দফায় ভোটাভুটি স্থগিত করা হয়।
এর আগে, গত ৮ ডিসেম্বর গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিয়ে তোলা অন্য একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে আটকে যায়।
এছাড়া নতুন খসড়া প্রস্তাব নিয়ে সব ধরনের অচলাবস্থা কাটাতে রবিবার (১৭ ডিসেম্বর) দীর্ঘ সময় ধরে আলোচনাও করেন নেতারা।