শায়খ মুআইকিলি
২০২৪ সালের পবিত্র হজের খুতবা দেওয়ার জন্য নিযুক্ত হয়েছেন মসজিদ আল হারামের ইমাম ও খতিব ড. শেখ মাহের বিন হামাদ বিন মুহাম্মাদ বিন আল-মুওয়াইকলি আল-বালাউই হাফিজাহুল্লাহ।
সোমবার (২৭ মে) মসজিদুল হারামভিত্তিক ভেরিফায়েড ফেসবুক পেইজ ইনসাইট দ্য হারামাইন থেকে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়, চলতি বছর মসজিদে নামিরায় হজের খুতবার জন্য মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ মাহের আল মুওয়াইকিলিকে নিযুক্ত করেছেন হারামাইন কর্তৃপক্ষ। আরাফাতের মহান দিন তাকে খুতবার জন্য নিযুক্ত করা হয়েছে বলেও জানানো হয়।
গত হজ মৌসুমে হজের খুতবা দিয়েছিলেন সৌদি আরবের সিনিয়র উলামা কাউন্সিলের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। তার সঙ্গে খুতবা প্রদানের সহযোগী হিসেবে রাখা হয়েছিল শায়খ মাহির আল মুয়াইকিলিকে।
৯ জিলহজ মসজিদে নামিরাহ থেকে হজের মূল খুতবা আরবিতে দেওয়া হবে। সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার করা হবে। চলতি বছরও প্রতিবারের মতো বাংলাসহ ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফারসি, রুশ, চীনা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, হিন্দি, তামিল ও সোয়াহিলি- মোট ১৪ ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে।
আরাফাহ প্রাঙ্গণে অবস্থিত মসজিদে নামিরাহর এই স্থানে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেওয়া খুতবাটি ‘বিদায় হজের সম্ভাষণ’ নামে ইসলামের ইতিহাসে সমধিক পরিচিত। ঐতিহাসিক সেই ভাষণে ইসলামের শিক্ষা, মানবাধিকার, নারী অধিকারসহ বিভিন্ন সামাজিক ঘোষণা দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আশ শায়খ। ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে অবসর নেন তিনি।
এরপর থেকে প্রতি বছরই হজ মৌসুমে নতুন খতিব নিয়োগ দিয়ে আসছে রিয়াদ কর্তৃপক্ষ। বিজ্ঞ স্কলার ও আলেমওলামাদের মতামতের ভিত্তিতে খতিব নিয়োগ করে থাকেন সৌদি বাদশাহ।