ইরানে হামলায় জড়িত মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩০, ২০২৬, ০৬:০৪ পিএম

ইরানে হামলায় জড়িত মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস। ছবি: রয়টার্স

স্পেন ইরানের ওপর হামলায় জড়িত মার্কিন বিমানগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করেছে। এর আগে যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটি ব্যবহারের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি দেশটি।

সোমবার মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোব্লেস বলেন, ‘আমরা ইরানের যুদ্ধ-সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমোদন দিতে পারি না।’

স্প্যানিশ সংবাদপত্র এল পাইস সোমবার সামরিক সূত্রের বরাত দিয়ে সর্বপ্রথম এ খবর প্রকাশ করে বলে জানিয়েছে রয়টার্স।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার অন্যতম সোচ্চার বিরোধী এবং তিনি এই হামলাগুলোকে বেপরোয়া ও অবৈধ হিসেবে বর্ণনা করেছেন।

এর আগে ইরান যুদ্ধে স্পেনের ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে অনুমতি না দেয়ার কারণে মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

আকাশপথ বন্ধ হওয়ায় সামরিক বিমানগুলোকে মধ্যপ্রাচ্যে তাদের লক্ষ্যস্থলে যাওয়ার জন্য ন্যাটো সদস্য স্পেনকে এড়িয়ে যেতে হচ্ছে, তবে এর মধ্যে জরুরি পরিস্থিতি অন্তর্ভুক্ত নয়, যোগ করেছে এল পাইস।

এদিকে, স্পেনের আকাশপথ বন্ধ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও খারাপ করতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো রেডিও ক্যাডেনা সের-কে বলেন, ‘একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে শুরু হওয়া একটি যুদ্ধে অংশগ্রহণ বা অবদান না রাখার যে সিদ্ধান্ত স্পেন সরকার ইতিমধ্যেই নিয়েছে, এই সিদ্ধান্তটি তারই একটি অংশ।’

Link copied!