সংগৃহীত ছবি
আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস পুনর্গঠন, বৈশ্বিক শান্তি, সমৃদ্ধি, টেকসই উন্নয়ন অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার লক্ষ্য নিয়ে ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যে নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন। এ বছর আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু ইস্যুর পাশাপাশি প্রাধান্য পাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে এই অধিবেশন শুরু হয়। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাধারণ সভার আলোচনা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর স্থায়ী প্রতিনিধি ডেনিস ফ্যান্সিসের সভাপতিত্বে এবারের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের দেড় শতাধিক রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন।
অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরকালে ২২ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চপর্যায়ের প্রথম দিনের বিতর্কে যোগ দেবেন। অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনাকে একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী মালয়েশিয়া, থাইল্যান্ড, ডেনমার্ক ও শ্রীলঙ্কার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে পারেন।
পাশাপাশি সফরকালে জাতিসংঘের প্রধানের আমন্ত্রণে ‘ক্লাইমেট অ্যাম্বিশন সামিট’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের আলোচনাসহ বেশ কিছু ইভেন্টে যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।
জাতিসংঘের ৭৮তম অধিবেশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থান যেমন সুদৃঢ় করবে, তেমনি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম এ মুহিত।